সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন ইতিহাস গড়লো ইংল্যান্ড। সাউদাম্পটনে রোববার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৪২ রানে উড়িয়ে দিয়ে ওয়ানডের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর আগে ২০২৩ সালে ভারত শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল। তবে ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে এবার সেই রেকর্ড ভেঙে নতুন অধ্যায় লেখে ইংলিশরা।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রানের বিশাল সংগ্রহ গড়ে। জো রুট (৯৬ বলে ১০০) ও জ্যাকব বেথেলের (৮২ বলে ১১০) সেঞ্চুরিতে ভর করে দলীয় সংগ্রহ সমৃদ্ধ হয়। ওপেনার জেমি স্মিথ যোগ করেন ৬২ রান, আর জস বাটলার শেষ দিকে ৩২ বলে ঝড়ো ৬২ রান করেন।
জবাবে ৪১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জোফরা আর্চারের আগুনে বোলিংয়ে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। মাত্র ১৮ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।
প্রোটিয়াদের বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের। অভিষেক ম্যাচে কোডি ইউসুফ ১০ ওভারে ৮০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। আর নান্দ্রে বার্গার দেন ৯৫ রান, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরিসংখ্যান।
দিনশেষে ম্যাচসেরা হন জোফরা আর্চার, আর সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।
কীওয়ার্ডসঃইংল্যান্ড রেকর্ড জয়,ওয়ানডে ক্রিকেট ইতিহাস,জোফরা আর্চার বোলিং,দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড,ওয়ানডে রানের ব্যবধান