মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

মেসির স্বপ্ন ভেঙে স্পেনের বিশ্বজয়,অতিরিক্ত সময়ে তোরেসের গোলে ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৭-২০ ১০:৩৯:৩৪
ছবি: সংগৃহীত।

দীর্ঘ লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের জয়সূচক গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে লা রোহা। অন্যদিকে, লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান শেষ হলো শিরোপাহীনভাবে।
৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। আর্জেন্টিনা পুরো ১২০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে লক্ষ্যভেদী কোনো শট নিতে পারেনি। স্পেনের ধারাবাহিক আক্রমণ সামাল দিতে গিয়ে দক্ষিণ আমেরিকার দলটি বারবার রক্ষণাত্মক ফুটবলের আশ্রয় নেয়।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে। পেদ্রো পোরোর উঁচু ক্রস নিকো উইলিয়ামস হেডে নামিয়ে দিলে সামনে থাকা ফেরান তোরেস জোরালো শটে বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন। সেই এক গোলই গড়ে দেয় বিশ্বকাপের নতুন ইতিহাস।
প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি স্পেন। ১৫তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কঠোর ট্যাকলে ডানি ওলমো আহত হলেও রেফারি কেবল ফাউলের সিদ্ধান্ত দেন। পরে আলেক্স বায়েনার আঘাতে মেসিও মাটিতে পড়ে যান, কিন্তু সেখানেও কোনো কার্ড দেখানো হয়নি।
৪১তম মিনিটে মিকেল ওয়ারজাবালকে ফাউল করায় লিসান্দ্রো মার্টিনেজ ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। পরে চোটে মাঠ ছাড়লে তার জায়গায় নামেন নিকোলাস ওটামেন্ডি।
বিরতির পর স্পেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। কোচ লুইস ডি লা ফুয়েন্তে মাঠে নামান পেদ্রি ও ফেরান তোরেসকে। বদল আনার পর আরও গতি পায় স্পেনের আক্রমণভাগ। ইয়ামাল, পেদ্রি, কুবারসি ও তোরেসের একের পর এক প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শেষদিকে নিকো উইলিয়ামসের একটি গোল ফাউলের অভিযোগে বাতিল হলেও স্পেন আক্রমণের ধার কমায়নি। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়েই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় স্পেন।
ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হতে পারেনি আর্জেন্টিনা। দৃঢ় রক্ষণে প্রতিপক্ষের সব প্রচেষ্টা ভেস্তে দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় স্পেন।
বিশ্বকাপের এই ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর শিরোপা জয়ের মাধ্যমে ২০১০ সালের পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করল স্পেন।

স্পেন, বিশ্বকাপ, মেসি


এ জাতীয় আরো খবর