শনিবার, জুন ১৩, ২০২৬

গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় ১২ তলা ভবন ধ্বংস, আহত বহু সাধারণ মানুষ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৫ ২১:৪৩:০০
ছবি: সংগৃহীত।

ইসরাইলি সেনারা গাজার রাজধানীতে অভিযান আরও জোরদার করেছে। এর অংশ হিসেবে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজা সিটির পশ্চিমাঞ্চলের মুশতাহা টাওয়ার নামের ১২ তলা ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ইসরাইল দাবি করেছে, ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথমে সতর্কতামূলক আঘাতের পর ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান টাওয়ারটিতে বোমা বর্ষণ করে। হামলায় আশপাশে থাকা বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়। ভবনের কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, সেখানে কোনো হামাস যোদ্ধা ছিল না; বরং ভবনটি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য উন্মুক্ত ছিল।
আল জাজিরার সাংবাদিকরা জানান, বিস্ফোরণে বহু সাধারণ মানুষ আহত হয়েছেন এবং তাদের আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে ইসরাইলি অভিযানের নতুন ধাপ হিসেবে অভিহিত করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজারেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীওয়ার্ডস: গাজা সিটি বিমান হামলা,ইসরাইল ফিলিস্তিন সংঘাত,মুশতাহা টাওয়ার ধ্বংস,গাজায় হতাহতের সংখ্যা,ইসরাইলি সেনা অভিযান


এ জাতীয় আরো খবর