থাইল্যান্ডে নেতৃত্বে এলো নতুন পরিবর্তন। দেশটির পার্লামেন্ট ৫৮ বছর বয়সী অনুতিন চার্নভিরাকুলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে তিনি সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হন।
ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে তিনি উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ২০২২ সালে দেওয়া প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে—থাইল্যান্ডে গাঁজা বৈধকরণ করে।
কোভিড-১৯ মোকাবিলার সময় অনুতিনের নেতৃত্ব ছিল আলোচনায়। সে সময় তিনি পশ্চিমা দেশগুলোকে ভাইরাস ছড়ানোর জন্য দোষারোপ করেছিলেন, যদিও পরবর্তীতে সমালোচনার মুখে ক্ষমা চাইতে হয়েছিল।
একসময় পেতংতার্ন শিনাওয়াত্রার জোটকে সমর্থন করলেও চলতি গ্রীষ্মে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে অনুতিন সেই সমর্থন প্রত্যাহার করেন। এবার তিনিই দেশটির নতুন নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিলেন।
কীওয়ার্ডস: থাইল্যান্ড নতুন প্রধানমন্ত্রী,অনুতিন চার্নভিরাকুল খবর,পেতংতার্ন শিনাওয়াত্রা,থাই রাজনীতি পরিবর্তন,ভুমজাইথাই পার্টি