সোমবার, মে ২৫, ২০২৬

জাপানি গাড়ি আমদানিতে শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, স্বস্তিতে টয়োটা-হোন্ডা-নিসান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৫ ১০:৩৬:০৪
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়েছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হয়। এতে অনিশ্চয়তায় থাকা জাপানি মোটর জায়ান্ট টয়োটা, হোন্ডা ও নিসানের মতো প্রতিষ্ঠানগুলো বড় ধরনের স্বস্তি পেলো। খবর—বিবিসি।
এর আগে জুলাই মাসে ঘোষিত একটি চুক্তির আনুষ্ঠানিক রূপ পেলো ট্রাম্পের এ পদক্ষেপে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া জাপানের সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে যানবাহন ও ওষুধপণ্য।
হোয়াইট হাউস জানিয়েছে, টোকিও মার্কিন প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। পাশাপাশি আমেরিকান অর্থনীতিকে গতিশীল করতে তারা গাড়ি, চালসহ বিভিন্ন পণ্য বাজারজাত করবে।
উল্লেখ্য, এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের অনেক দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। এরপর কয়েক দফা আলোচনার মাধ্যমে জাপান-যুক্তরাষ্ট্র এ চুক্তিতে পৌঁছায়। রপ্তানিনির্ভর জাপানের অর্থনীতির প্রায় ২০ শতাংশই আসে গাড়ি শিল্প থেকে। তবে গত আগস্টে উচ্চ শুল্ক কার্যকরের প্রভাবে টয়োটা জানিয়েছিল, এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।

কীওয়ার্ডস: যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি শুল্ক,টয়োটা হোন্ডা নিসান আমদানি,ট্রাম্প বাণিজ্যনীতি,জাপান যুক্তরাষ্ট্র চুক্তি,আমেরিকায় গাড়ি আমদানি


এ জাতীয় আরো খবর