বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • অলৌকিক বিকেলের গান
  • ২০২৫-০৯-০৪ ০৯:৫১:২১

কাক, কোকিলের সম্মিলিত হর্ষধ্বনি 
বিকেলের উপকণ্ঠে এসে থেমে যায় !
থেমে যাওয়া ঘড়ির মতো, নিস্প্রভ বিকেলটা 
আমার কানে কানে শুনিয়ে যায় 
ঠিকানা হারানো ঘরে ফেরার গান। 
ঘাসের আয়নায় ভেসে ওঠে শিউলি ঝরা সাঁঝ
অথবা মায়ের আঁচলে লুকানো রোদ্দুর। 

কৈশোর ! সে তো ছিপছিপে তন্বী নদী !
স্বপ্নকে ছুঁতে ছুঁতে বারবার ভেসে যায় 
অচেনা দ্বীপে।
যৌবন এলো আগুনের দহন আঁচ নিয়ে,
শরীর পুড়লো, মন পুড়লো।
প্রতিটি পায়ের ছাপে ঝলসে উঠলো 
পাথরের ওপর খসে পড়া রোদের ক্ষত।
 
তুমি তখন পাকদণ্ডীর শেষ প্রান্তে, 
মেঘের ভেতর মিলিয়ে যাওয়া ছায়া।
ফিরবে বলে ফেরোনি, ভাগ্যিস !
তাইতো আজও তোমাকে সেভাবেই খুঁজে পাই। 

সময় কি তবে সত্যিই স্থিরবিন্দু  !
শুধু এক অমোঘ, অলৌকিক টানে 
অচল ঘড়িটার হৃৎপিণ্ড বেজে চলে টিক টিক টিক।
লৌকিক আর অলৌকিকির সন্ধিক্ষণে 
শরীর গলে যায় !
শুধু সত্তা আলোড়ন তোলে,

বুকের গহীনে একটানা বৃষ্টি অঝোর ঝরে, 
আকাশের প্রখর সূর্য ধীরে ধীরে 
অতীতের মতো নিভে আসে। 
প্রতিটি প্রেম কি তবে জন্ম নেয় 
অদৃশ্য আর দৃশ্যের সীমান্তে ?
যেখানে তুমি নেই, তাই ভীষণভাবে আছো 
অলৌকিক বিকেলের অসীম সুরে !
এই অবসরে কালচক্রর গুপ্ত ইঙ্গিতে এক সর্বজনীন
অসমাপ্ত পান্ডুলিপির আদুরে পাতা
খসে পড়ে বুকের মধ্যে। 
ঠিক বৃষ্টির মতো, 
বেহিসেবী আঙুল ছুঁয়ে যায় তোমার অশরীরী শরীর 
কারণ আজও বৃষ্টি  থামেনি।


এ জাতীয় আরো খবর