রবিবার, জুন ২৮, ২০২৬

মোটরসাইকেলের ধাক্কায় লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহর মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৪ ০০:১২:৪২

মোটরসাইকেলের ধাক্কায় লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) মারা গেছেন। বুধবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন। শনিবার তার সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।
মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে।  
মোহাম্মদ উল্যার বড় ছেলে রাকিব হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনার সময় রাস্তা পারাপারকালে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্যাহ সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। 
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।


এ জাতীয় আরো খবর