বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • চিঠি দিও
  • ২০২৫-০৯-০২ ২০:২৭:১৯

একটি চিঠি দিও খুব গোপনে, একান্তে এবং নীরবে 
এমনভাবে দিও যেন কেউ জানতে না পারে
পৃথিবীর সব শব্দ আজ মুখ লুকাক কাগজের ভাঁজে।
চিঠিটি পড়বো আমি শত সহস্রবার 
যেন প্রতিটি অক্ষর থেকে উঠে আসে তোমার নিঃশ্বাসের উষ্ণতা।

চিঠি মানে অদৃশ্য এক সেতু,
যেখানে কালি হয়ে ওঠে হৃদয়ের সাঁট লিপি, 
আর কাগজে লুকিয়ে থাকে অভিমান, অনন্ত আকুলতা।
তুমি লিখবে, আমি পড়বো -- এভাবেই দূরত্ব ঘুচে যাবে আমাদের।

যেন চিঠির ভাঁজ খুললেই দেখি তোমার চোখ,
প্রতিটি শব্দে যেন খুঁজে পাই তোমার হাতের ছাপ।
শব্দগুলো নীরব হয়ে গেলেও
সেই চিঠি একদিন হয়ে উঠবে স্মৃতির অমূল্য ভান্ডার।

শুধু এইটুকুই চাই -- তুমি লিখো আমি পড়ি,
আর নীরবতার গভীরে অমর হয়ে থাকি আমরা দুজন।


এ জাতীয় আরো খবর