সেই কবে থেকে তোমাকে খুঁজে চলেছি
অথচ আজও পাইনি তোমার সন্ধান।
দিনেরাতে তোমার অস্তিত্ব ঘিরে রাখে আমার সত্তাকে
প্রকৃতির সজীবতায় তুমি অন্যন্য--
পাখির কাকলিতে যখন চারপাশ মুখরিত
মনে হয় তুমি দাঁড়িয়ে আছ ঠিক সেখানে
যেখানে হিজলের ফুলগুলো নুইয়ে পড়েছে।
অনুভবে তোমাকে পেলেও পাই না তোমাকে।
গোধূলির আভায় যখন পাখিরা কুলোয় ফিরে
ঘরে ফিরে কর্মব্যস্ত মানুষ ---
আমার দু’চোখ তোমাকেই খুঁজে ফেরে।
ঠান্ডা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকি তোমার জন্য
-- শুধু তোমার জন্য।
গাঢ় অন্ধকার ফিসফিস করে বলে --
সে তো হারিয়ে গেছে চিরতরে।
তবুও খুঁজে ফিরি তারার মেলায়, ছায়াপথে,
জোছনা রাতে যেখানে লুকোচুরি খেলায় মেতে থাকতে শিশুর মতো
না, কোথাও পাই না তোমাকে খুঁজে।