পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে আয়োজিত এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় দুই প্রজন্মের তারকারা। একদিকে বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি, অন্যদিকে ইনজামাম-উল-হকের অধীনে মাঠে নামে লিজেন্ডস একাদশ। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল বাবর বনাম শোয়েব আখতার দ্বৈরথ।
৫০ বছর বয়সী শোয়েব আখতারের করা এক ওভারে বাবর ঝড় তুললেন ব্যাট হাতে। প্রথম বলে ওয়াইডের পর দ্বিতীয় ডেলিভারিতেই ছক্কা হাঁকান তিনি। এরপর টানা দুই চারে চাপ বাড়ান বাবর। পঞ্চম বলে ক্যাচের সুযোগ তৈরি হলেও সেটি হাতছাড়া হয়। শেষ বলে আরও একটি চার মেরে মোট ১৮ রান সংগ্রহ করেন বাবর।
এর আগে শোয়েব আখতার বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করলেও এই ম্যাচে ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলে ব্যাট হাতে জবাব দেন বাবর। শুধু তাই নয়, বল হাতে আজহার আলি ও ইউনিস খানকে আউট করে তাক লাগান তিনি।
১৫ ওভারের ম্যাচে জালমি ১৪৪ রান তোলে। জবাবে লিজেন্ডস একাদশ ৫২ রানে ৬ উইকেট হারালেও ইনজামাম (৪৬\*) ও আজহার মাহমুদ (৩৪\*) লড়াই চালান। শেষ পর্যন্ত ছয় রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার জালমি।
কীওয়ার্ডস:বাবর আজম বনাম শোয়েব আখতার,পাকিস্তান বন্যা তহবিল ম্যাচ,পেশোয়ার জালমি জয়,বাবর আজম ছক্কার ঝড়,শোয়েব আখতার প্রদর্শনী ম্যাচ