জানো…..
প্রতিটি ভোরে সূর্য ওঠার আগেই,
আমার হৃদয় ভিজে যায়..
তোমার স্মৃতির আলোয়।
যেন অচেনা অন্ধকারে..
হঠাৎ কোনো প্রদীপ জ্বলে ওঠে,
যার শিখায় জেগে থাকে-
শুধু… তোমার নাম।
শীতল হাওয়ার সঙ্গে-
ভেসে আসে, তোমার ছোঁয়ার আভাস।
একটু নিঃশ্বাস, একটু হাসি-
তাতেই সাজিয়ে তুলি-
অনন্ত দিনের সিঁড়ি,
যেখানে প্রতিটি ধাপে- তুমি।
তুমি না থেকেও.. থেকেছো- সর্বত্র।
বারান্দার বাতাসে, সন্ধ্যার আকাশে,
চায়ের কাপে ভেসে ওঠা ভাপেও-
তোমার অনুপস্থিতির গন্ধ পাই.. আমি।
সময় গড়িয়ে যায়..
ঋতু বদলায়, শহর বদলায়,
কিন্তু বদলায় না-
আমার বুকের ক্যালেন্ডার।
সেখানে.. শুধু একটাই দিন-
তোমাকে ভালোবাসার.. দিন।
তুমি বলেছিলে,
ভালোবাসা মানে.. শুধু ছোঁয়া নয়।
ভালোবাসা মানে বোঝা..
থামতে জানা,
এবং প্রতিটি নীরবতাকেও- কবিতা বানানো।
তাই আজও আমি-
নীরবতার ভেতর শুনি-
তোমার হৃদয়ের.. দোলা।
হৃদয়ের প্রতিটি করিডোরে..
প্রতিটি দেয়ালে..
তোমার ছবি আঁকা আছে..
অদৃশ্য তুলিতে।
যেন আমার সমগ্র সত্তা-
হয়ে গেছে একটিমাত্র নাম,
একটিমাত্র উচ্চারণ-
"তুমি"।