ঘুম ঘুম চোখে ফেসবুক স্ক্রল করছে ঝুমু। একটা নিউজে এসে তার চোখ আটকে যায়। সম্পত্তির লোভে ভাইয়ের চোখ কেড়ে নিলো তার আপন ভাই। শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায় ঝুমুর। ফেসবুক স্ক্রল বন্ধ করে দেয়। বিছানা থেকে ধীরে ধীরে উঠে বসে। চানাচুর আর মুড়িমাখা খেতে ইচ্ছে করছে। বাইরে টিপটিপ বৃষ্টি। গুটিগুটি পায়ে কিচেনে যায় ঝুমু। পেঁয়াজ - মরিচ কুচিয়ে তাতে সামান্য লেবুর রস, আদা আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মাখতে থাকতে ঝুমু। একটা ঝাঁঝালো গন্ধ নাকে লাগে তার। মুহূর্তেই মন ভালো হয়ে যায় ঝুমুর। কাল রাতের কথা মনে পড়ে। একটা দুঃস্বপ্ন দেখছিল সে। দেখে মিরাজ বিয়ে করে ঘরে সতীন এনেছে। মাঝরাতে ঘুম ভেঙে যায় ঝুমুর। ঘুম ভাঙতেই মিরাজকে ঝাঁকুনি দিতে থাকে সে। কাঁচা ঘুম ভাঙায় বিরক্ত হয় মিরাজ। ঝাঁঝালো কণ্ঠে সুধায়, "কি হয়েছে? এতো রাতে আমাকে এভাবে উঠালে কেন?" হড়বড় করে স্বপ্নের কথা বলে দেয় ঝুমু। মিরাজ হা হা করে হাসতে থাকে আর বলে, "আরও দেখ দুই সতীনের ভিডিও। ফেসবুকে তো আর ভালো কিছু দেখ না। সারাদিন বাজে ভিডিও দেখ। এইজন্যই শয়তান তোমাকে নাচাচ্ছে।" ভ্রুযুগল সামান্য কুঁচিয়ে মিরাজের দিকে তাকায় ঝুমু। আর ভাবে, আসলেই তো কাল রাতে ঘুমানোর আগে সে আহাদ-তিশা আর আঁখির ভিডিও দেখছিল। দুই সতীন কিভাবে সংসার সাজায় সেই ভিডিও।
মুড়ি মাখা নিয়ে বেডরুমের দিকে হাঁটা দেয় ঝুমু। বৃষ্টিবিলাস করতে করতে মুড়ি মাখা খাবে। জানালার পাশে তার মানিপ্ল্যান্ট গাছ। কয়েকদিন পানি দেয়া হয়নি। বৃষ্টির ছাঁট এসে গাছটাকে ভিজিয়ে দেয়। গাছের পাতা থেকে বৃষ্টির পানি চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। মুড়ি মাখা খেতে শুরু করে মিরাজ - ঝুমু। খাওয়ার একপর্যায়ে মিরাজ সুধায়- "ভাবছি আরেকটা বিয়ে করবো।" ড্যাবড্যাব চোখে মিরাজের দিকে তাকায় ঝুমু। আর বলে, "তবেরে...."