তোমাকে বলেছিলাম --- আমি কথা রাখবো না
তবুও তুমি বিশ্বাস করে বসেছিলে।
ভেবেছিলে, আমার প্রতিটি ‘না’ আসলে সম্মতির ছায়া।
ভেবেছিলে, আমি ফিরে আসবো কোনো এক কাক ডাকা ভোরে
হাত ভরা শিউলি নিয়ে দাঁড়াবো তোমার জানালায়।
কিন্তু দেখো আমি কথা রাখিনি, ফিরেও আসিনি।
তোমার নামে লেখা কবিতাগুলোও ছুড়ে ফেলেছি বাতিল কাগজের স্তূপে।
যেসব কথা একদিন বলেছিলাম খুব যতনে,
আজ সেসবের কোনোটাই আমার মনে নেই
মনেও রাখতে চাই না।
তোমাকে তো বলেছি, আমি কথা রাখবো না।
আমার প্রতিশ্রুতি মানে অস্থিরতা,
ভালোবাসা মানে মরীচিকা, আর তোমার চোখের জল
সে তো কেবল এক ফাল্গুনী বিকেলের পরিণতি।
তবু তুমি দাঁড়িয়ে আছো একই রকম নিশ্চুপ --
কান পেতে শোনো আমার না বলা কথা,
অপেক্ষার ভারে ঝুঁকে পড়েছে তোমার প্রলম্বিত সময়।
বলেছি তো, আমি কথা রাখবো না
তবুও তুমি আমার হয়ে আছো --
এটাই কি ভালোবাসা, নাকি নিছক বোকামি ?