এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্রতে নিশ্চিত হয়েছে একাধিক হাই-ভোল্টেজ ম্যাচ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে আসছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অন্যদিকে শিরোপাধারী প্যারিস সেন্ট জার্মেইঁর সামনে অপেক্ষা করছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী দল।
জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে ম্যানসিটির। আর অ্যানফিল্ডে লিভারপুল লড়বে রিয়ালের বিপক্ষে।
আর্নে স্লটের লিভারপুল এবার খেলবে আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন ও কারাবাখের বিপক্ষে। এছাড়া তাদের ভ্রমণ করতে হবে ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই ও গালাতাসারাইয়ের মাঠে।
২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানসিটি ঘরের মাঠে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুজেন, নাপোলি ও গালাতাসারাইকে। পাশাপাশি খেলতে হবে ভিয়ারিয়াল, মোনাকো, বোডো/গ্লিমট ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
পিএসজি ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে এবং বার্সেলোনার মাঠেও খেলতে যাবে। তাদের প্রতিপক্ষ আরও থাকবে টটেনহ্যাম, নিউক্যাসল, আতালান্তা, লেভারকুজেন, স্পোর্টিং লিসবন ও অ্যাথলেটিক বিলবাও।
নতুন ফরম্যাটে এবার ৩৬টি দল এক লিগে খেলবে। প্রত্যেক দল আটটি ভিন্ন দলের বিপক্ষে নামবে। শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে যাবে, আর ৯ থেকে ২৪ নম্বর দল খেলবে নকআউট প্লে-অফে।
প্রথম রাউন্ড শুরু হবে ১৬-১৮ সেপ্টেম্বর এবং শেষ রাউন্ড ২৮ জানুয়ারি। মহারণের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে।
কীওয়ার্ডস:চ্যাম্পিয়নস লিগ ২০২৫,রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল,ম্যানসিটি চ্যাম্পিয়নস লিগ,পিএসজি বনাম বার্সেলোনা,চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ২০২৫