বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্তবর্তী মহানন্দা নদীতে উদ্ধার মরদেহ ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৮ ১৮:৪৯:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে গত বুধবার(২৭ আগষ্ট) দুপুরে ভাসমান অবস্থায় উদ্ধারঅজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার লক্ষীপুর গ্রামের লালু শেখের ছেলে দিলদার শেখ (৩০)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দলদলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারইপাড়া ফুয়ারামঘাট এলাকায় কচুরীপানার মধ্যে প্যান্ট ও গেঞ্জি পরিহিত ২/৩ দিনের পুরোনো অর্ধগলিত মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের সাথে একটি স্মার্ট ফোন পওয়া যায়। এ ঘটনায় বুধবারই ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়।  একইদিন অর্থাৎ গত বুধবারই(২৭ আগষ্ট) জেলার শিবগঞ্জ সীমান্তে পদ্মায় ভেসে আসা এক ভারতীয়র মরদেহ হস্তান্তর করা হয়। এবার মহানন্দায় ভেসে আসা আরেক ভারতীয় শনাক্ত হল।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মরদেহের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মরদেহ বুধবারই শনাক্ত হয়। ভেজা মোবাইলটি  শুকোনোর পর চালু হলে সেটির মাধ্যমে ওই ব্যাক্তির পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় জানতে পারে ভোলাহাট পুলিশ। তবে এর আগেই বুধবারই ময়নাতদন্তের পর মরদেহ চাঁপাইনবাবগঞ্জ পৌর গোরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এখন ওই ব্যাক্তির পরিবার  সকল তথ্য দিয়ে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে  বিজিবির সাহায্যে,উর্ধতণ কর্তৃপক্ষের নির্দেশনায় ও আদালতের মাধ্যমে কবর থেকে মরদেহ  উত্তোলণ করে ফেরৎ দেবার প্রক্রিয়া শুরু করা হবে। ঘটনাটি বিজিবিকে জানানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ওই মরদেহ  ভারতীয় নাগরিকের।  এ  ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ ও পদক্ষেপ প্রক্রিয়াধীন। 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলম কিবরিয়া বলেন, ভোলাহাটে পুলিশের ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধারের বিষয়ে বিজিবি  অবগত।  তবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে দু’দেশের পুলিশ। বিজিবি সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবে। 
সংশ্লিস্ট দলদলি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: বাবু বলেন, মরদেহ উদ্ধারের সময় এটি উজানে ভারত থেকে ভেসে আসা বলে সন্দেহ করেছিল স্থানীয়রা। মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র আধাকিলোমিটার দূরেই  মহানন্দা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।
উল্লেখ্য,এর আগে গত বুধবারই (২৭ আগষ্ট)  দুপুর আড়াইটায় জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে পদ্মায় ভেসে আসা  হিরো মন্ডল(৩২) নামে এক ভারতীয় জেলের মরদেহ হস্তান্তর করা হয় বলে  জানান চাঁপাইনবাবগঞ্জ  ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। ওই জেলে গত ২৩ আগষ্ট নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হবার পর তাঁর মরদেহ গত ২৫ আগষ্ট শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতলা সেতারাপাড়া ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর স্বজনরা সামাজিক যোগাযোগ মাধমে ছবি দেখে হিরো মন্ডলকে শনাক্ত করে বিএসএফ এর  সাহায্যে প্রমাণসহ  মরদেহ ফেরতের আবেদন করে। 

 


এ জাতীয় আরো খবর