মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

মেসির জোড়া গোলেই ইন্টার মিয়ামি লিগস কাপের ফাইনালে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-২৮ ১০:১২:৩০
ছবি: সংগৃহীত।

লিগস কাপের সেমিফাইনালে নাটকীয় লড়াই শেষে আবারও ফাইনালে জায়গা করে নিল ইন্টার মিয়ামি। ইনজুরির কারণে আগের দুই ম্যাচে মাঠের বাইরে থাকলেও আজ ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। করেছেন জোড়া গোল। তার সঙ্গে ভেলাসকো সেগোভিয়ার চমৎকার এক গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় অরল্যান্ডো। ৪৬ মিনিটে মারিও পাসালিচের শটে গোল হজম করে মিয়ামি। বিরতির পর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না মেসির দল। তবে ৭৫ মিনিটে লুইস সুয়ারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মিয়ামি। সেখান থেকে গোল করে সমতা ফেরান মেসি (১-১)।
৮৮ মিনিটে আবারও মেসির জাদু। আলবার সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। যোগ করা সময়ে সেগোভিয়া দলের হয়ে তৃতীয় গোল করে জয়ের সিলমোহর দেন।
শেষ বাঁশি বাজতেই ফাইনাল নিশ্চিত করে মিয়ামি। পুরো ম্যাচে মাঠ মাতিয়ে মেসি প্রমাণ করেছেন তিনি এখনো দলের সবচেয়ে বড় ভরসা। সুয়ারেজও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এই জয়ে লিগস কাপ ২০২৫-এর ফাইনালে উঠলো ইন্টার মিয়ামি। সেখানে তারা খেলবে এলএএফসি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে। উল্লেখ্য, ২০২৩ সালে মেসির অভিষেক মৌসুমেই এই টুর্নামেন্টে শিরোপা জিতেছিল মিয়ামি। এবারও তারা সেই সাফল্য পুনরায় অর্জনের স্বপ্ন দেখছে।


 কীওয়ার্ডসঃলিওনেল মেসি ইন্টার মিয়ামি,লিগস কাপ ২০২৫ ফাইনাল,ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো,মেসির জোড়া গোল,ইন্টার মিয়ামি সংবাদ


এ জাতীয় আরো খবর