চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় একজন সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) নারীর(৬৫) মৃত্যু হয়েছে। রেলওয়ে, নাচোল থানা ও রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্র জানায়, বুধবার(২৭ আগষ্ট) ভোর পৌনে ৫টার দিকে নাচোলের কাজলা রেলগেটের নিকট ঘটনাটি ঘটে। খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ্উপজেলার রহনপুর ষ্টেশনগামী ৫৮৫ আপ মহানন্দা ট্রেনে কাটা পড়ে মারা যান ওই নারী।
সদর উপজেলার আমনুরা জংশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, ট্রেনটি আমনুরা থেকে রহনপুর যাবার পথে নাচোল সদর ও নাচোলের গোলাবাড়ী ষ্টেশনের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে। ওই নারীর দু’পা কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। পিবিআই ও সিআইডি মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও আলাামত সংগ্রহ করেছে। মরদেহ শনাক্ত হলে পরিবারের নিকট হস্তান্তরের জন্য হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে। ওই নারীর গলায় তুলসী মালা ছিল। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমনুরা জংশন ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সকালে ঘটনাটি জানতে পেরে জিআপিকে জানানো হয়।