চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১০০ টাকার একটি ছেঁড়া নোট নিয়ে দ্বন্দে বাবুল হোসেন(৫৫) নামে এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাবুল হোসন শিবগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডের জালমাছমারী মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। পরিবার,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার (২১আগষ্ট) সকালে শিবগঞ্জ পৌর ইসরাইল মোড় এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মারধওে আহত হবার পর গত মঙ্গলবার (২৬ আগষ্ট) রাত ৮টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাবুলের ছোট ভাই ও তার পাশের ফার্মেসি দেকানকার নজরুল ইসলাম (৪৯) অভিযোগে বলেন, আমরা তিনভাই ইসরাইল মোড় এলাকার একটি মার্কেটের পাশপাশি তিনটি দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করি। গত বৃহস্পতিবার(২১ আগষ্ট) সকালে শিবগঞ্জ পৌর ৩ নং মহল্লার মো, গুমানীর ছেলে মো. আসাদুল(২০) নামে এক যুবক বড়ভাই বিকাশ ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের(৫৮) নিকট থেকে ২ হাজার টাকা ক্যাশ আউট করেন। প্রায় ২ ঘন্টা পরে ওইদিন বেলা ১১ টার দিকে ওই যুবক একটি ১০০টাকার নোট মোয়াজ্জেমকে ছেঁড়া বলে ফেরৎ দিতে চাইলে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়।
এরপর ওই যুবক চলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই দেশী অস্ত্র সহ ১৫/১৬ জনকে সাথে নিয়ে দোকানে এসে আক্রমন করেন। এ সময় ভাইকে রক্ষায় অন্য দু:ভাই এগিয়ে এলে মারধরের শিকার হন বাবুল। তাাঁকে রড,বাঁশ ও লাঠি দিয়ে পেটানো হয়। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। তবে স্থানীয়ভাবে মীমাংসার কথা হওয়ায় পুলিশে তখন অভিযোগ করা হয় নি। এদিকে স্থানীয়ভাবে বাবুলের চিকিৎসাও চলতে থাকে। গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে বুধবার(২৭ আগষ্ট) সকালে সদর থানা পুলিশ জেলা হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করায়। মরদেহের সুরুৎহালকারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শাকিল হোসেন বলেন, মরদেহের পিঠে আঘাতের মত চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, ১০০ টাকা ছেঁড়া নোট নিয়ে দ্বন্দে মৃত্যুর ঘটনা জানতে পেরেছি। বাবুলের মৃত্যুর পর মঙ্গলবার রাতেই তাঁর স্বজনরা যোগাযোগ করলে নিকটজনকে অভিযোগ দিতে বলা হয়েছে। তাঁরা অভিযোগ দিলেই তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।