কবিতা কি সত্যিই সাহিত্য ! নাকি বিজ্ঞান।
যেখানে ছন্দ ও ধ্বনির প্রতিটি অংশ অণু-পরমাণুর মতো সুশৃঙ্খল,
যেমন ইলেকট্রন প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুর্ণায়মান ?
অন্ত্যমিলের সূত্র যেন গাণিতিক সমীকরণ, সাইন-কস-টেন এর এক বিশাল সমাহার।
শব্দেরা একে অপরকে আকর্ষণ করে নিউটনের গতি সূত্রে,
অথবা বিস্ফোরিত হয় উল্কাপিন্ডের মতো,
হাজারো নক্ষত্র জন্ম নেয় আবার গ্যালাক্সির গর্ভে।
কবিতা কখনো নিয়ম মানে না --
ভেঙে দেয় যতসব সমীকরণ,
শব্দকে টেনে আনে অযৌক্তিক আবেগের মহাশূন্যে।
যেখানে বিজ্ঞানের আলো নীরব,
কবিতা সেখান জ্বলে ওঠে অপ্রকাশ্য আলোর প্রদীপ হাতে।
মানব জন্মরহস্যও কি তবে এভাবেই গোপন থাকে ?
একদিকে জিনের সুনির্দিষ্ট ছক,
অন্যদিকে মায়ের চোখে ভেসে ওঠা অনন্ত প্রেমের ধারা।
যেখানে বিজ্ঞান শুধু ব্যাখ্যা করে রক্তমাংস,
কবিতা দেখে সেখানে প্রথম কান্নার আবেগ।
একজন কবি কি তবে বিজ্ঞানী ?
নাকি একজন বিজ্ঞানীই গোপনে কবি ?
অঙ্কের খাতায় যে সমাধান লেখা হয়,
সেটি কি কোনো অদৃশ্য কবিতার শরীর ?
প্রশ্নটি থেকেই যায় উত্তরহীন দ্বিধাদ্বন্দ্বে --
কবিতা না বিজ্ঞান, নাকি দুটোই এক নদীর দুই তীর,
যারা মিলতে পারে না কখনো এক মোহনায়,
তবু দুই তীর ছাড়া পূর্ণতা পায় না কোনোদিন।
কবিতায় প্রশ্ন ঝরে, বিজ্ঞানে উত্তর জন্ম নেয়,
কিন্তু মানুষ হয়তো আজীবন দাঁড়িয়ে থাকবে মাঝখানে,
কেবল ভাববে কবিতা না বিজ্ঞান, নাকি প্রেমই আসল উত্তর,
যেখানে জীবন আর আবেগ একসাথে জন্ম নেয়।