বুধবার, জুন ২৪, ২০২৬

ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত: বিএনপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৬ ২২:১১:২৭
ফাইল ছবি

নতুন করে সমস্যা সৃষ্টি ও বিতর্কিত বক্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দলীয় অঙ্গীকার লঙ্ঘন ও মর্যাদাহানি ঘটানোর কারণে ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশ পাওয়ার পর আরও সময় চেয়ে বর্তমান পরিস্থিতিতে সময় বাড়ানোর আবেদন করেছিলেন ফজলুর রহমান।তাকে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়।
সন্তোষজনক জবাব না দেওয়ায় এবং বিতর্কিত মন্তব্যের কারণে পদ স্থগিত করা হয়েছে। পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বর্ধিত করা হয়। আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়।তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

কীওয়ার্ডস:ফজলুর রহমান,বিএনপি,পদ স্থগিত,বিতর্কিত বক্তব্য,বাংলাদেশের রাজনীতি


এ জাতীয় আরো খবর