জাতীয় পার্টির একাংশের প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজী জাফরের স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হন মির্জা ফখরুল।বলেন, ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীনরা জঙ্গি নিয়ে নতুন চক্রান্ত করেছ। রাজনৈতিক উদ্দেশে সরকার আবারও জঙ্গি নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, ক্ষমতাসীনদের কোনো চক্রান্ত এবার সফল হবে না। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, আন্দোলনেই সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচারবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী রাজনীতিকদের ভয় দেখাচ্ছে সরকার।
এছাড়া রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি'র ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গ্রেপ্তার নির্যাতন করে বিরোধীদলের আন্দোলন দমাতে পারবে না সরকার।
পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরপুল হয়ে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।