বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দৌলতপুরে ২য় দিনের মতো বানভাসিদের মাঝে বিএনপির ত্রাণ সহায়তা বিতরণ

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৮-২১ ১৯:৩৪:১০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে ২য় দিনের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত বানভাসি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনভর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী অসহায় ৭০০ মানুষের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এর আগে গত বুধবার (২০ আগস্ট) উপজেলার চিলমারী ইউনিয়নের ১১০০ অসহায় পানিবন্দী মানুষের হাতে এ সহায়তা তুলে দেন তিনি। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক রাশেদুল ইসলাম শামীম এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ত্রাণ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ৩ কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চলতি আগস্টের প্রথম সপ্তাহে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৩৫ গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বর্তমানে পানি কিছুটা কমতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি দুর্গত মানুষের। এ ছাড়া বন্যায় ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিপুল আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ বিতরণ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলার চিলমারী ও রামকৃঞ্চপুর ইউনিয়নের বন্যাকবলিত পানিবন্দী অসহায় ১৮০০ পরিবারের মাঝে দুই দিন ধরে ত্রাণ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখা। “বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে এবং এখনও সেই ধারা অব্যাহত রেখেছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে ২য় দিনের মত ত্রাণ সহায়তা নিয়ে এসেছি, যা বিতরণ চলছে।”

 


এ জাতীয় আরো খবর