চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে অবৈধভাবে অবস্থানকারী ২ শিশু,২ নারীসহ ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার(২০ আগষ্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা বাংলাভাষী বলে বাংলাদেশী হিসেবে বিএসএফ’র পুশইনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বলে পুলিশ,স্থানীয় ও অনান্য সূত্রে জানা গেছে।
আটকরা পশ্চিমব্েঙ্গর বীরভূম জেলার দুটি পরিবারের সদস্য। এরা হলেন, পাইকড় থানার মন্নু শেখের ছেলে মো. দানেশ(২৮), দানেশের স্ত্রী ও ভদু শেখের মেয়ে সোনালি বেগম(২৬), দানেশের ছেলে সাব্বির(৮) এবং মুরাডাই থানার ঘিতোরা গ্রামের মৃত দিলু দেওয়ানের ছেলে আজিজুল দেওয়ানের স্ত্রী ও সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি(৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান(১৬) এবং আজিজুল দেওয়ানের অপর ছেলে ইমাম দেওয়ান।
সূত্রগুলো আরও জানায়, এদের নিকট ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। এরা ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করতেন। গত ২৪ জুন দিল্লীর ক্যানজোড় ১১নং সেক্টরের কালীমাতা থানা পুলিশ এদের বাংলাদেশী নাগরিক সন্দেহে আটক করে। পরে গত ২৬ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এদের পুশইন করে। এরপর তারা ঢাকা চলে যায়। পরে ঢাকা থেকে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে এক আত্মীয়’র বাড়িতে আশ্রয় নেয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন,বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন খবরের ভিত্তিতে জেলা শহরের ৩ নং ওয়ার্ডের আলীনগর ভূতপুকুর মহল্লার একটি বাড়ি থেকে ওই ৬ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, আটককৃতদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ। বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।