চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশীকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার(১৪ আগষ্ট) ভোর ৪টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২ এস এর নিকট দিয়ে ১৩ পুরুষ নাগরিককে পুশইন করে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চাণ্টার ক্যাম্পের সদস্যরা। পরে বাংলাদেশের ৮০০ গজ ভেতর থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবি) চাঁনশিকারি বিওপি’র টহলদল। পরে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণের জন্য তাঁদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
অধিনায়ক কিবরিয়া বলেন,এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বৈঠকে অভূক্ত মানুষগুলোকে এক কাপড়ে এমন অমানবিকভাবে ঠেলে দেয়ার বিষয়টি কোনক্রমেই গ্রহণযোগ্য নয় বলে জানায় বিজিবি। ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগে থেকে কিছুই জানানো হয় নি বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
বিজিবি জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জানা যায়,২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে তাঁরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিেেলন। এরপর তাঁরা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন।কারাভোগ শেষে তাঁদের বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়। বিএসএফ বৃহস্পতিবার ভোরে তাঁদের ভোলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,পুশইনের শিকারদের উপজেলা প্রশাসনের তত্বাবধানে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করে তাঁদের পরিচয় শনাক্ত কার্যক্রম চলছে। পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ভোলাহাটের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মনিরজ্জামান বলেন,উপজেলা ডাকবাংলোতে পুশইনের শিকারদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ, এর আগেও তিন দফায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪৫জন বাংলাদেশীকে পুশইন করে বিএসএফ। এরমধ্যে গত ২৭মে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জন,৩ জুন ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন ও ১৮ জুন জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০জনকে পুশইন করা হয়।
বৃহস্পতিবার পুশইনের শিকার ব্যাক্তিরা হলেন যশোরের মনিরামপুর থানার জয়পুর হুগলাডাঙ্গা গ্রামের আরশাদ আলী সরদারের ছেলে বিল্লাল হোসেন(৩২),টাঙ্গাইলের ঘাটাইল থানার শহিয়ানিহলা ডাকাতিয়া গ্রামের মৃত কাষ্ণরাম বর্মণের ছেলে বিঞ্চু বর্মন(৩৪),কুমিল্লার লাকসাম থানার এলাইচ গ্রামের হায়াতউন্নবীর ছেলে রবিউল ইসলাম (৩০),খুলনার সোনাডাঙ্গা থানার ডাকবাংলা গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার ইদ্রিস শেখের ছেলে পিন্টু শেখ(৩০),রংপুরের কাউনিয়া থানার মিরবাগ চন্ডিপুর মহেষা গ্রামের মৃত নুরুজ্জমানের ছেলে আনোয়ার হোসেন(৩৬), লালমনিরহাটের আদিতমারি থানার দূর্গাপুর গ্রামের ইসলা হকের ছেলে টিটিু প্রামানিক(৩০),কুষ্টিায়ার ভেড়ামারা থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদী হাসান মুন্না(২৯) ও জগশর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. সেলিম(২৯),রাজশাহীর বাঘা থানার আতারপাড়া গ্রামের জাকির শেখের ছেলে মেহের আলী(৩২),পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার মাঝিপাড়া ময়নাগুড়ি গ্রামের মৃত খলিলের ছেলে মো.রহমত(৪০),কুষ্টিায়ার দৌলতুপর থানার ছাতারপাড়া চরপাড়া গ্রামের মৃত সারোয়ার হোসেনের ছেলে মো: রুলাস (৩২),ময়মনসিংহের গৌরিপুর থানার চরদিতর তেরশিয়া গ্রামের মৃত ইশালি শিকদারের ছেলে তহিল উদ্দিন শিকদার (৪০) এবং ঠাকুরগঁও এর হরিপুর থানার মোন্নাটুলি মারাধা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোশারফ আলী(২১)।