শুক্রবার, মে ১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • বৃদ্ধাশ্রমে কি মিলবে ঠাঁই ?
  • ২০২৫-০৮-১৩ ১৪:৩২:৪১

দরজার ওপারে লম্বা করিডোর, দেওয়ালে সেঁটে আছে কিছু ছবি
পলেস্তারা ঝরে ক্রমশই অস্পষ্ট সে ছবি,
হাসি আছে -- কিন্তু সেই হাসির তারিখও বহু পুরনো 
টেবিলের চা ঠান্ডা হয়ে গেছে,
যেন অপেক্ষা করছে এমন কারো,
যে আর ফিরবে না কোনোদিন।

এখানে কেউ কাউকে নাম ধরে ডাকে না,
সবাইকে চেনে ঘরের নম্বর দিয়ে --
নম্বর পাঁচ আজ চোখের কোণে নোনা জল লুকোয়,
নম্বর সাত আবারও পাখির ডাকে খুঁজে ফেরে হারানো সকাল। 

জানালা ছুঁয়ে বাইরের রোদ ভেতরে ঢোকে,
কিন্তু উষ্ণতা আনে না -- শুধু ফেলে যায় স্তিমিত আলো,
মেঝেতে আঁকে লম্বা ছায়া।
যেন সময়ও এখানে লম্বা হয়ে গেছে --
ধীরে টেনে নিয়ে চলে ক্লান্ত পা।

বিকেলের দিকে হুইলচেয়ারের সারি
নিঃশব্দে মিশে যায় একে অপরের অদৃশ্য গল্পে।
কেউ মুখ খোলে না, তবু বোঝা যায় --
এখানে আসা মানেই না ফেরার অশ্রুত কাহিনি।

একদিন হয়তো আমাকেও আসতেই হবে --
যদি ঘর আর প্রিয় মুখগুলো ধীরে ধীরে পর হয়ে যায়,
তাহলে শেষ প্রশ্নটা কেবল এই --
বৃদ্ধাশ্রমে কি মিলবে ঠাঁই ?


এ জাতীয় আরো খবর