বুধবার, জুন ২৪, ২০২৬

প্র দী প গু প্ত

  • খুব বেশী কিছু
  • ২০২৫-০৮-১২ ০৯:৩০:৪৭

খুব বেশী কিছু একটা দিয়ে ফেলতে নেই
তাহলে সে পাওয়া হারিয়ে যায়,
ফেলে ছড়িয়ে একাকার হয়ে যায়।

বৃষ্টির কথাই ধরো না কেন 
আর বাঁধের কথা।
পেতে পেতে ফুলেফেঁপে উঠে শেষে হয় ভেঙে যায়
নইলে এমনভাবে সে জল ছেড়ে দেয়
যাতে অন্যদেরও নাকানিচোবানি।

একজন কৃষক
তার মাঠে যতোটুকু বীজ ধরে
সেটা বুঝেই বীজতলা বানায়।
নইলে রুইতে না পেরে সেসব চারা কোথায় ফেলবে সে?
ফেলে দিতে যে বুক ভেঙে যায় তার
সেগুলো তো চারা নয় শুধু, তাঁর সন্তানের মতো।

খুব বেশী কিছু একটা দিয়ে ফেলতে নেই
যেমন ধরোনা কেন খরা
ভালোবাসা পাবে বলে ফুটিফাটা বুক নিয়ে
অপেক্ষায় বসে থাকে সে।
কান্নাও শুকিয়ে গেছে তার। 
বুকের ভেতর সব স্বপ্নেরাও ক্ষয়ে ক্ষয়ে গেছে।

বড়োরা বলতেন - আবদার করলেই দিয়ে ফেলো না 
উজাড় করে সব চাওয়া।
বাচ্চাটা ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে,
অর্ধেকটা খাবে, বাকীটুকু মাটিতে ফেলবে।
পুতুল তো ভাঙবেই, এমনটা নয়
বেশী পেলে ভাঙে, নইলে গুছিয়ে রাখে, 
সইয়ের সাথে বিয়ে দেয়।

হয় বেশী, নয়তো মোটেই নয়
এমনটা নয়।
ঠিক লবনের মতো দাও ভালোবাসা।

বেশী দিলে লোকে পা'চাটা বলে গালি দেয়।


এ জাতীয় আরো খবর