ওয়েম্বলির মাটিতে আবারও চমক দেখালো ক্রিস্টাল প্যালেস।
এই স্টেডিয়ামে চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল লন্ডনের এই ক্লাব। এবার আরও বড় শিকার—প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড নিজেদের করে নিল প্যালেস।
রবিবারের ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমান ছিল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় প্যালেস। গোলরক্ষক ডিন হেন্ডারসন আবারও নায়ক হয়ে ওঠেন, লিভারপুলের দুটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে।
ম্যাচের শুরুতেই মাত্র চার মিনিটে হুগো একিতিকে ও ফ্লোরিয়ান ভার্টজের সমন্বয়ে এগিয়ে যায় লিভারপুল। তবে ১৭তম মিনিটে জ্যঁ-ফিলিপ মাতেতার পেনাল্টি গোলে সমতা ফেরায় প্যালেস। প্রথমার্ধের মাঝপথে জেরেমি ফ্রিমপংয়ের প্রচেষ্টা পোস্টে লেগে জালে জড়ালে আবার এগিয়ে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও ৭৭তম মিনিটে ইসমায়লা সার প্যালেসকে সমতা এনে দেন। শেষ মুহূর্তে জয়ের সুযোগ পেলেও ভিএআর রিভিউতে পেনাল্টি না পেয়ে নির্ধারিত সময়েই ম্যাচ টাই হয়।
টাইব্রেকারে লিভারপুলের প্রথম তিন প্রচেষ্টার দুটি রুখে দিয়ে হেন্ডারসন দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। শেষ শট থেকে জাস্টিন ডেভেনি গোল করে শিরোপা নিশ্চিত করেন, আর প্যালেস পায় আরেকটি উৎসবের উপলক্ষ।
কীওয়ার্ডস: ক্রিস্টাল প্যালেস, লিভারপুল, কমিউনিটি শিল্ড, ওয়েম্বলি