দু'দিনের এই দুনিয়াতে সবাই মুসাফির
চারিদিকে চলছে তবু চেষ্টা দখলদারির।
কারও চাই ধন-সম্পদ কারও ভালো বাসা
কেউ চায় 'মসনদ' যা অনেক দিনের আশা।
ভালোবাসা, স্নেহ-মায়ার দাম নেই তো কোন
জগৎ-সংসার বড্ড জটিল, সবই লোকদেখানো।
এখানে স্বার্থটাই আসল কথা সম্পর্ক নয়
ভাগে একটু কম পড়লেই বাঁধন আলগা হয়।
হরেক রকম মানুষ, তাদের হরেক রকম মত
কেউবা চলে সোজা পথে কেউবা বাঁকা পথ।
কেউবা ভীষণ সহজ সরল কেউবা ভীষণ ধূর্ত
মুখোশধারী মুখগুলোকে চেনা অনেক দূর তো।
মিষ্টি কথার মায়াজালে জড়িয়ে যদি যাবে
সূঁচ হয়ে ঢুকে একদিন ফাল হয়ে বের হবে।
গুরুজনে ভক্তি করার উঠেই গেছে রেওয়াজ
ভাবটা এমন; ছোট-বড় সবাই সমান আজ।
সালাম দেওয়ার প্রথাও প্রায় নেইতো আজকাল
'হাই' 'হ্যালো' ই চলছে এখন যুগটা ডিজিটাল।
নিজের ভুল দেখে না কেউ অন্যের ভুল খোঁজে
কথায় কথায় সবাই শুধু অন্যকে ভুল বোঝে।
কিন্তু
সর্বদাই উচিৎ আত্মসমালোচনা করা
অন্যের চোখ দিয়ে নিজের ভুল ধরা।
কোন কাজে অপরের ক্ষতি যেন না-হয়
কোন কথায় যেন কেউ কষ্ট না পায়।
এটুকু মেনে চললেই লাগেনা কিছু আর
আলোকিত হয়ে যাবে জগৎ-সংসার।।