শনিবার, জুন ২৭, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • একটি পরাজিত ফুল
  • ২০২৫-০৮-১০ ১০:৪২:৫৬

সীমান্তে যুদ্ধ হচ্ছে !
ছেলেটি মায়ের নিরাপত্তার ঘেরাটোপে 
অস্থির পদচারণা করে। 
সীমান্তে যুদ্ধ হচ্ছে !
কাঁটাতারের দু পারেই 
রক্ত পলাশ ফুটেছে, 
ছেলেটি পকেট ভর্তি লাল পলাশ নিয়ে 
পালিয়ে এসেছে !
না ! প্রেমিকার প্রত্যাখ্যানে 
অভিমানে, লজ্জায় গালে রং ধরিনি। 
ছেলেটি রক্ত পলাশ ছুঁড়ে দিয়েছিলো 
ঐ পারে,
অতীন্দ্রিয় ভাবনায় ছিলো 
একটা মিরাকেল ঘটবেই !
গুলির বদলে ফুল ছুঁড়ে ছিলো ছেলেটি, 
ঐশ্বরিক মহিমায় বিশ্বাস ছিলো,
যুদ্ধ থেমে যাবে !
ওরা পাগলের প্রলাপ ভেবে 
ওকে করুণা করেছিলো।
ছেলেটি কাপুরুষের তকমা সেঁটে 
পালিয়ে এসেছে মায়ের ঘাম আঁচলের 
নিরাপদ বলয়ে !
সীমান্তে যুদ্ধ চলছে !
ছেলেটির পকেট ভর্তি রক্ত পলাশ 
কেউ নেওয়ার নেই !

 


এ জাতীয় আরো খবর