বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং লেখক অমূল্য কুমার বৈদ্য আজ শনিবার (৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বলেন, ৭ আগস্ট গাজীপুরে দিবাগত রাতে প্রকাশ্যে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত চিন্তার ওপর এই বর্বরোচিত হামলা শুধু একজন সাংবাদিকের জীবনহানিই নয়, বরং এটি স্বাধীন মতপ্রকাশ ও গণতন্ত্রের প্রতি সরাসরি আঘাত।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সম্প্রতি দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হত্যা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। দেশে যেভাবে চাঁদাবাজি, জুলুম নির্যাতন ও হত্যা বেড়ে চলছে, তাতে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছে এবং জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
আমরা নিহত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং গোটা সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।