মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা, ঢাবি শিক্ষার্থীদের মধ্যরাতের মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৮ ০৩:৪৯:১৩
ছবি সংগৃহিত

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার সময় তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন।
হত্যাকাণ্ডের পরদিন মধ্যরাতে প্রতিবাদে ফুঁসে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তারা মানববন্ধন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, “জুলাইয়ে আমরা রক্ত দিয়েছি। সেই রক্ত এখনও শুকায়নি। চাঁদাবাজদের জন্য নতুন বাংলায় কোনো জায়গা হবে না। তুহিন ভাই চাঁদাবাজির বিরুদ্ধে ভিডিও করায় তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তবে ইন্টেরিম সরকারকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য হব।”
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং ঘটনার মাত্র কয়েক মিনিট আগে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে রাস্তা পারাপারের বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য করেছিলেন।
স্থানীয়রা জানান, চায়ের দোকানে বসে থাকার সময় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে ফেলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
ঘটনাটি দেশের সাংবাদিক মহল, শিক্ষাঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, বরং মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর ভয়ঙ্কর আঘাত।

কীওয়ার্ডস: গাজীপুর সাংবাদিক হত্যা, আসাদুজ্জামান তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় মানববন্ধন, চাঁদাবাজি, মুক্ত সাংবাদিকতা


এ জাতীয় আরো খবর