মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ইসরায়েলি আগ্রাসনে গাজায় রক্তসঙ্কট,মানবিক বিপর্যয়ের আশঙ্কা তীব্রতর

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৮ ০০:১০:৩৬
ছবি সংগৃহিত

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ধসে পড়েছে। সংকট পৌঁছেছে এমন এক পর্যায়ে, যেখানে রক্তের অভাবে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। কার্যত অচল হয়ে পড়েছে গাজার ব্লাড ব্যাংকগুলো। বুধবার (৬ আগস্ট) আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই মানবিক সংকটের মূল কারণ চরম অপুষ্টি, পানিশূন্যতা এবং চিকিৎসাসেবার অভাব।
গাজার সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে এখনও যেগুলো আংশিকভাবে কার্যকর আছে-আল-শিফা, আল-আকসা ও নাসের হাসপাতাল-সেগুলোতে প্রতিনিয়ত রক্তের অভাব দেখা যাচ্ছে। আল-জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, ব্লাড ব্যাংকগুলোতে দেখা গেছে-অনেকেই স্বজনের জীবন বাঁচাতে রক্ত দিতে চেয়েও ফিরে গেছেন। তারা এতটাই দুর্বল যে চিকিৎসকরা রক্ত নেওয়া সম্ভব বলেও মনে করেননি।
আল-শিফা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রধান আমানি আবু ওউদা বলেন, “বেশিরভাগ দাতাই চরম অপুষ্টিতে ভুগছেন। রক্ত দিলে তারা চেতনা হারানোর ঝুঁকিতে থাকেন, এতে যেমন তাদের ক্ষতি হতে পারে, তেমনি মূল্যবান রক্তও নষ্ট হয়।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস গাজার পরিস্থিতিকে ‘জরুরি মানবিক সংকট’ বলে আখ্যায়িত করেছেন। তার মতে, বর্তমানে গাজায় প্রায় ১৪ হাজার ৮০০ রোগীর জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন।
এই সংকটকালীন সময়েও ইসরায়েল থামছে না। টাইমস অব ইসরায়েল-এর বরাত দিয়ে জানা গেছে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে গাজার সম্পূর্ণ ভূখণ্ড দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এজন্য পাঁচটি সামরিক ডিভিশন নিয়ে মাঠে নামবে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)। বিশ্লেষকদের মতে, এটি হামাসকে নিশ্চিহ্ন করার চূড়ান্ত পরিকল্পনার অংশ।
তবে গাজা সম্পূর্ণ দখলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির। তিনি নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন, “এটা হবে মারাত্মক ভুল। গাজা দখল মানেই সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে সেখানে মোতায়েন রাখতে হবে, যা বাস্তবে এক ধরনের ফাঁদে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “হামাস এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। তারা এখনো বেশ কিছু জিম্মিকে কব্জায় রেখেছে। এমন সিদ্ধান্ত তাদের জীবনের ঝুঁকি বাড়াবে।” সেনাবাহিনী বর্তমানে ক্লান্ত, অনেক সদস্য অবসাদগ্রস্ত-এই অবস্থায় দখলকৃত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ বজায় রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও চারজন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে রয়েছে শিশু। এখন পর্যন্ত অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জনে, যার মধ্যে ৯৬ জন শিশু। জাতিসংঘ জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ১০০’র বেশি অকালপ্রসূ শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, ইসরায়েলি অভিযানে গাজায় মোট ৬১,২৫৮ জন নিহত এবং আহত হয়েছেন ১,৫২,০৪৫ জন।
গাজার পরিস্থিতি এখন শুধু ফিলিস্তিনের নয়, পুরো মানবজাতির এক চরম লজ্জা। রক্ত দিতে না পারা মানুষ, অপুষ্টিতে ধুঁকে ধুঁকে মরতে থাকা শিশু আর ধ্বংসস্তূপে পরিণত হাসপাতালগুলো এ কথা স্পষ্ট করে দিচ্ছে-এটা নিছক একটি যুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত মানবিক বিপর্যয়। এখন সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের, না হলে এই সংকট নতুন এক গণহত্যায় রূপ নিতে পারে।

কীওয়ার্ডস:
গাজা রক্ত সংকট, ইসরায়েল হামলা ২০২৫, গাজার হাসপাতাল অবস্থা, ফিলিস্তিন মানবিক বিপর্যয়, গাজা যুদ্ধ সর্বশেষ আপডেট


এ জাতীয় আরো খবর