বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আব্রাহাম চুক্তিতে মধ্যপ্রাচ্যের সম্পৃক্ততা চাইলেন ট্রাম্প,গাজা যুদ্ধ প্রসঙ্গে নীরবতা

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৭ ২২:৩৬:৩৯
ছবি সংগৃহিত

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে অঞ্চলটির প্রতিটি দেশকে ‘আব্রাহাম চুক্তি’-তে সম্পৃক্ত হওয়া এখন সময়ের দাবি—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, "ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো-মধ্যপ্রাচ্যের সব দেশ যেন আব্রাহাম চুক্তিতে যুক্ত হয়।"
যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন তার এই বক্তব্যকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদান-এই চারটি মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে 'আব্রাহাম চুক্তি'-তে সই করেছিল। এই উদ্যোগকে তৎকালীন সময়ের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখেছিলেন বিশ্লেষকরা।
তবে চলমান গাজা যুদ্ধ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ৬০ হাজার এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে লাখ লাখ মানুষ। যুদ্ধ থামানোর বদলে আব্রাহাম চুক্তির সম্প্রসারণে মার্কিন আগ্রহ আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।
বিশ্বজুড়ে বিক্ষোভ ও সমালোচনার প্রেক্ষাপটে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
এ পরিস্থিতিতেও ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার নতুন দেশগুলোকে এই চুক্তিতে যুক্ত করতে তৎপর রয়েছে। আজারবাইজানসহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ইসরাইলের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত পাঁচটি নির্ভরযোগ্য সূত্র।
বিশ্লেষকদের মতে, গাজা সংকটের সমাধান ছাড়া আব্রাহাম চুক্তির সম্প্রসারণ কঠিন হতে পারে। কারণ, মুসলিম বিশ্বে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি বিষয়ক আলোচনার এই সময়টিতে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

কীওয়ার্ডস:
আব্রাহাম চুক্তি, ট্রাম্প বক্তব্য, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্য শান্তি, ফিলিস্তিন সংকট


এ জাতীয় আরো খবর