মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নির্বাচনের ঘোষণা স্বাগত জানিয়ে রিজভী বললেন: ‘রমজানের আগে ভোট জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন’

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৭ ১৫:৪৪:৩০
ছবি সংগৃহিত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে চিঠি প্রদানের প্রস্তুতির কথা জানালে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া দেন।
রিজভী বলেন, “রমজানের আগেই জাতীয় নির্বাচনের সময় ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এখন সময় এসেছে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের। বিএনপি সব ধরনের সহযোগিতা করবে যাতে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা চাই কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক। অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করবো, কারণ এই সরকার একটি অস্থায়ী দায়িত্ব পালন করছে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য।”
জাতীয় সংলাপে নেতৃত্বদানকারী এনসিপি নেতাদের সাম্প্রতিক কক্সবাজার ভ্রমণ নিয়ে রিজভী বলেন, “তারা কোথায় যাবে, সেটি তাদের বিষয়। তবে গণতন্ত্রের জন্য যারা ঐতিহাসিক লড়াই করেছে, তাদের কাছ থেকে জনগণ কখনোই গোপন চুক্তি বা ষড়যন্ত্র আশা করে না। সবকিছু হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।”
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন এমন একটি শাসনব্যবস্থা দেখতে চায়, যেখানে জনগণের কাছে সরকার সবক্ষেত্রে জবাবদিহি করে। জবাবদিহিহীন রাষ্ট্রব্যবস্থায় উন্নয়ন সম্ভব নয়, আর গণতন্ত্র সেখানে টিকে থাকতে পারে না।”
এ সময় বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি’ সংগঠন। নিহতের ছেলে আব্দুল্লাহর শিক্ষাজীবনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন আমরা বিএনপি’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

কীওয়ার্ডস:
ড. ইউনূস নির্বাচন ঘোষণা, ২০২৬ জাতীয় নির্বাচন বাংলাদেশ, রুহুল কবির রিজভী বক্তব্য, বিএনপির প্রতিক্রিয়া নির্বাচন, নির্বাচন কমিশন প্রস্তুতি ২০২৬, কক্সবাজার এনসিপি ভ্রমণ, 


এ জাতীয় আরো খবর