মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শ্রীপুরে চার মাসের শিশুর সামনে মায়ের নির্মম মৃত্যু,পলাতক স্বামী

  • গাজীপুর প্রতিনিধি:
  • ২০২৫-০৮-০৭ ১৩:৩১:৫৮
ছবি সংগৃহিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক তরুণী মা-সুইটি আক্তার (২০)। বুধবার (৬ আগস্ট) রাতে চার মাসের সন্তানের কান্নায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে পান, ঘরের মেঝেতে পড়ে আছে তার নিথর দেহ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী নূরুল ইসলাম (৩৫) স্ত্রী সুইটিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুইটি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। ছোটবেলায় মা হারানোর পর থেকে খালার কাছেই বড় হন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তার খালু নাজমুল গোপনে সুইটির বিয়ে দেন মাদক কারবারে জড়িত নূরুল ইসলামের সঙ্গে।
বিয়ের পর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। নিহতের মামা জসিম শেখ জানান, “সুইটির ওপর স্বামী নূরুল ইসলাম নানা অজুহাতে নির্যাতন চালাতেন। বুধবার রাত ১০টার দিকে খালু নাজমুল ফোনে জানায়, সুইটি মারা গেছে। গিয়ে দেখি, শরীরজুড়ে আঘাতের চিহ্ন, হাঁটুর নিচ থেকে পা থেঁতলানো, মাথা ও শরীরে গুরুতর জখম। পাশে কাঁদছিল ছোট্ট শিশু সন্তানটি, যেটার গায়েও মায়ের রক্ত।”
সুইটির খালা আকলিমা বলেন, “অনেকবার নিষেধ করেছি, বুঝিয়েছি, কিন্তু লাভ হয়নি। আজ সেই নির্যাতনের বলি হয়ে অকালে চলে গেল। তার দুধের শিশু সন্তানটি এখন এতিম হয়ে গেল। কে দেখবে শিশুটিকে?”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথমে পিটিয়ে আহত করার পর শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক স্বামীকে আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় শাশুড়িকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
চার মাস বয়সী শিশু সন্তানটি বর্তমানে আত্মীয়দের হেফাজতে রয়েছে। তার মুখে এখনো মা ডাকার ভাষা আসেনি, অথচ চোখের সামনে সে হারিয়েছে সবচেয়ে নিরাপদ আশ্রয়-মা।
এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, ঘাতক স্বামীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

কীওয়ার্ডস:
গাজীপুর নারী হত্যা, শ্রীপুর সুইটি হত্যা, স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু, পারিবারিক সহিংসতা বাংলাদেশ, গৃহস্থালি নির্যাতন ও আইন


এ জাতীয় আরো খবর