তিনি শুধু কবি নন-অস্তিত্বের এক দীপ্ত আলো,
যে আলোয় আমার ভাষাকে দেখি নতুন রূপে,
তার উচ্চারিত শব্দকুঞ্জে যেন নিজের দুঃখটাও বাজে গান হয়ে।
রবীন্দ্রনাথ আমার অহংকার --
দিনান্তে সোনার তরীতে, বলাকার পাখায় রবির কণ্ঠস্বর বাজে,
আজীবন আমি যে ভালোবাসা শিখেছি
সেই ভালোবাসার গভীরে তারই শেষের কবিতা, তারই গান।
কখনো শিশুর মতো সরল,
আবার কখনো জোয়ারের মতো উত্তাল,
তিনি আকাশে লিখে দেন প্রেম,
মাটির ওপর এঁকে দেন মৃন্ময়ী কবিতার আখর।
আমি নিঃশব্দ হলে তার গান আমার বুকের ভেতর কথা বলে --
আমি যখন ক্লান্ত,
-- তার গল্প হয়ে ওঠে শান্তির ছায়া।
রবীন্দ্রনাথ আমার অহংকার
কারণ তিনি একটানা শত বছর ধরে বলে যাচ্ছেন
ভাষা মানেই সম্ভাবনার আরেক নাম,
শব্দে শব্দে মনভূমে সৃষ্টি হয় নতুন বাংলাদেশ।
তিনি শুধু ইতিহাসের পাতায় বন্দি নন,
তিনি আছেন প্রতিদিনের চেতনাবোধে
পথের ধুলোয়, নদীর গানে, নিঃসঙ্গ গোধূলি আলোয়।
যখন মাথা উঁচু করে বলি-আমি বাংলায় গান গাই
সেই উচ্চারণেও থাকে রবির ছায়া --
তাই তো রবীন্দ্রনাথ আমার শুধু গর্ব নয়
রবীন্দ্রনাথ আমার অহংকার।