মহালয়ার পুণ্য তিথি, আকাশ বাতাস বার্তা রটে
কাশ, শিউলি ইতিউতি, ছলাৎ ছলাৎ কলসি ঘাটে।
ঘরের দুর্গা কপালজুড়ে , অস্ত রবি খেলা করে,
মন উদাসের হদিস দূরে, পরিবারের দাবি চড়ে।
মাটির উঠোন কাঁসার থালায়, চুড়ির নিক্কণ হাতের বালায়
নিদ্রাহীন চোখের পাতায়, গৃহস্থালি সারা বেলায়।
জল থই থই তিস্তা জলে, প্রতিবিম্ব কার সে মুখে,
শিউলি সুবাস মনোতোলে, হাসছে দেবী তৃপ্ত সুখে।
আটপৌরে গৃহস্থালি ,নিপুণ দুটি কর্মী হাতে
আমার দুর্গা দেবীর বলী,পেট ভরে না পান্তা ভাতে।
মহালয়ার শরৎ ভোরে, জাগো দুর্গা অসার ধ্বনি,
আমার দুর্গা ধুঁকে মরে, মন গহিনে সোনার খনি।
ঢাকের তালে আকাশ ভাসে, মঞ্চ সজ্জা নিখুঁত সাজে
আমার দুর্গা দুটি হাতে, সারাবেলা নানা কাজে।
উপকথার দেবী নামে, বিজন ঘরে মনের কোণে,
চোখের পাতা ক্লান্তি আনে, আমার দুর্গা স্বপ্ন বোনে।
শক্তিরূপেণ মহামায়া, দায় কি তোমার একটুও নেই ?
আমার দুর্গা কাটিয়ে মায়া, দুটি হাতেই জিতছে মাভৈ:
তিন দিনের এই মহা পূজা, আসবে যাবে লোকান্তরে,
আমার দুর্গা সর্বজনীন, প্রতিদিনের ঘরে ঘরে।