সোমবার, জুলাই ২০, ২০২৬

সরকার পতনের পর ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা: টিআইবির প্রতিবেদন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৪ ১২:৩০:২৯
ছবি সংগৃহিত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারা দেশে মোট ৭৬১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে এবং ইতোমধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদন অনুযায়ী, ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় মোট ১,৬০২টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। এসব মামলায় পতিত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে আনুমানিক ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর ৭০ শতাংশের তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ দেখা যাচ্ছে এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে।
টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, গত এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হয়েছে ৪২৯টি এবং নতুন মামলা হয়েছে ২৭টি। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের আগেই বিচার কার্যক্রম শুরু হলেও ট্রাইব্যুনালের কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, “শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়ে বিচার শুরু হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি স্পষ্ট।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪) দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার পরিবর্তনের এক বছরে জবাবদিহি নিশ্চিতকরণে কিছু অগ্রগতি হলেও এখনো অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। প্রতিবেদনে উপস্থিত ছিলেন ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমানসহ অন্যান্য গবেষকরা।

কীওয়ার্ডস: টিআইবি প্রতিবেদন ২০২৫, সরকারের পতনের পর মামলা, পুলিশের বিরুদ্ধে মামলা বাংলাদেশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অগ্রগতি, শেখ হাসিনা বিচার


এ জাতীয় আরো খবর