বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

রিয়া-অরিন্দম দাম্পত্য কলহে নতুন মোড়: অভিযোগের পাল্টা অভিযোগে উত্তপ্ত টলিপাড়া

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৮-০১ ২০:৪৯:২৪
ছবি সংগৃহিত

টলিউডের জনপ্রিয় মুখ রিয়া গঙ্গোপাধ্যায় এবং তার স্বামী পরিচালক অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ এখন টলিপাড়ার প্রধান আলোচ্য বিষয়। ব্যক্তিগত জীবনের এই নাটকীয়তা যেন একে ছাপিয়ে যাচ্ছে ধারাবাহিকের কাহিনিও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নতুন নতুন তথ্য ফাঁস হচ্ছে, যা দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে।
গত বছর থেকেই দু’জনের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। সম্প্রতি রিয়া স্বামী অরিন্দমের পরকীয়া সম্পর্কের অভিযোগ হাতে-নাতে প্রমাণসহ সামনে আনেন। তিনি দাবি করেন, অরিন্দম নিজ বাড়িতেই অন্য এক মহিলার সঙ্গে সহবাস করছেন। এই অভিযোগ প্রকাশ করার পরই রিয়া মানহানি মামলার মুখে পড়েন।


অন্যদিকে অরিন্দম চক্রবর্তী লাইভে এসে সমস্ত অভিযোগ অস্বীকার করে সরাসরি রিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, যদি প্রমাণ করতে পারেন তিনি অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত, তবে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন। শুধু তাই নয়, তিনি পাল্টা অভিযোগ করেন, রিয়া তার মাকে অসুস্থ করার জন্য দায়ী এবং পাড়ার লোকের সামনে চিৎকার-চেঁচামেচি থেকে শুরু করে বাবার ওপর হাত তোলার মতো আচরণও করেছেন।
অর্থনৈতিক বিষয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব। অরিন্দম দাবি করেছেন, তিনি প্রতি মাসে রিয়াকে ৭০ হাজার টাকা দেন। তবে রিয়া পাল্টা যুক্তি দেন, এই অর্থের পুরোটাই সন্তানের শিক্ষাব্যয় ও প্রয়োজনীয় কাজে খরচ হয়। নিজের জন্য তিনি এক পয়সাও ব্যবহার করেন না বলে দাবি করেন। ফ্ল্যাটের ইলেকট্রিক বিল, গ্যাস, পরিচারিকার বেতনসহ সংসারের অন্যান্য ব্যয় তিনি নিজেই বহন করেন।

স্বামীর পরকীয়ার প্রমাণ পুলিশের হাতে তুলে দিলেন 'বরবাদ' অভিনেত্রী
রিয়ার মতে, তিনি কোনোদিনই ব্যক্তিগত কলহ প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নোংরা কাদা ছোড়াছুড়ি আর এড়ানো সম্ভব হয়নি। সন্তানদের ওপর এর প্রভাব নিয়ে দুশ্চিন্তাও প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে অরিন্দম স্পষ্ট করে জানিয়েছেন, তিনি রিয়ার দাবি করা অতিরিক্ত ৬০ হাজার টাকার খোরপোষ দিতে রাজি নন।
বর্তমানে উভয়েই আইনি লড়াইয়ের পথে হাঁটছেন এবং নিজেদের কাছে থাকা প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন বলে জানিয়েছেন। টলিপাড়া এখন একটাই প্রশ্নে মুখর— কে বলছেন সত্য? রিয়া না অরিন্দম?
ব্যক্তিগত সম্পর্কের এই ভাঙন এখন জনসমক্ষে পরিণত হয়েছে। সময়ই বলে দেবে, আদালতের বিচারে কোন দিক থেকে প্রকাশ পাবে “আসল সত্যি”।

কীওয়ার্ডস: রিয়া গঙ্গোপাধ্যায়, অরিন্দম চক্রবর্তী, টলিউড গসিপ, দাম্পত্য কলহ, রিয়া অরিন্দম মামলা


এ জাতীয় আরো খবর