বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার বদলে দিলেন সিনেমা মুক্তির প্রচলিত পদ্ধতি। প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি নয়, সরাসরি ইউটিউবকেই বেছে নিয়েছেন তিনি। ‘আমির খান টকিজ’ নামে নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি দর্শকদের জন্য খুলে দিয়েছেন ‘জনতার থিয়েটার’।
প্রায় ১৫ বছর আগে এক পরিসংখ্যান জানায়, ভারতে মাত্র ২–৩ শতাংশ মানুষ সিনেমা হলে গিয়ে ছবি দেখেন। এই তথ্যই আমিরকে ভাবিয়ে তোলে। সেই চিন্তা থেকেই জন্ম নেয় নতুন পরিকল্পনা—প্রেক্ষাগৃহ শেষে সিনেমা পৌঁছে যাবে সরাসরি দর্শকের ডিভাইসে। ইউটিউবের বিশাল দর্শকভিত্তি কাজে লাগিয়ে তিনি এখন থেকে নিজের প্রতিটি সিনেমা সেখানে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্বব্যাপী ২৬৫ কোটি ৭১ লাখ রুপি আয় করা ‘সিতারে জমিন পার’ই এই নতুন ধারা শুরুর প্রথম উদাহরণ। প্রেক্ষাগৃহ পর্ব শেষ করে সিনেমাটি এখন ইউটিউবে দেখা যাচ্ছে। তবে বিনামূল্যে নয়—ভারতে টিকিট মূল্য ১০০ রুপি আর বাংলাদেশে ১৫০ টাকা।
সিনেমা মুক্তির ঘোষণা দিতে তৈরি করা হয়েছে এক বিশেষ অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গে নিয়ে আমির খান হাজির হয়েছেন ভিন্নরূপে। ‘আন্দাজ আপনা আপনা’র রেফারেন্সে নির্মিত ভিডিওতে দেখা যায়, নিজের অতীত ব্যর্থতা নিয়ে স্বয়ং আমির খানই মজা করছেন। পরিচালক রাজকুমার সন্তোষিও ভিডিওতে উপস্থিত ছিলেন।
ভিডিওতে দেখা যায়, বাড়িতে ঢুকেই আমির দেখতে পান তাঁর রাঁধুনী মোবাইলে সিনেমাটি দেখছে। বিস্মিত আমির বকাবকি করলেও রাঁধুনী জানায়, সে ডাউনলোড করেনি—টাকা দিয়ে দেখছে। আর এই ধারণার পেছনে রয়েছেন জুনায়েদ। হাস্যরসের মধ্য দিয়ে জুনায়েদ আরও জানায়, সিনেমাটি ইউটিউবে মাত্র ১০০ রুপিতে রিলিজ করা হয়েছে। শুনে রেগে যান আমির, ছেলেকে নানা নামে ডাকতে থাকেন। ছোট ছেলে আজাদ দৃশ্যটি দেখে দরজা বন্ধ করে দেয়, আর তখনই ভেসে ওঠে সিনেমা মুক্তির তারিখ—১ আগস্ট।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা বলছেন, বিতর্কের বদলে আমিরের এই রসিকতা এবং ভিন্নধর্মী মুক্তির কৌশল বলিউডে নতুন ধারা তৈরি করবে।
আমির-জুনায়েদের আলোচিত সেই ভিডিও:
কীওয়ার্ডস:আমির খান ইউটিউব মুক্তি, সিতারে জমিন পার অনলাইন দেখা, আমির খান টকিজ চ্যানেল, নতুন সিনেমা মুক্তির কৌশল, বলিউডের ডিজিটাল বিপ্লব