রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

প্র দী প গু প্ত

  • ওহে জীবন
  • ২০২৫-০৭-৩১ ১৩:০১:২১

তুমি আমাকে যত উপহার দিয়েছো
সেসব উপহারের শ্রেষ্ঠ উপহার বার্ধক্য।
বার্ধক্য একটা পেণ্ডোরার সুদৃশ্য বাক্স
সে বাক্সের ঢাকনা খুললেই আমার চোখে
ঝলমল করে ওঠে শৈশবের, যৌবনের আর প্রৌঢ়ত্বর দিনগুলো।
আলোমাখা, স্নেহমাখা, আদরে আদরে
ভরে থাকা সেসব আশ্চর্য স্বপ্নদিন।
সেসব জীবনবেলার মাটিমাখা বন্ধুতার আবেশমাখা
যে দিনগুলো ঝিনুকের বুকে মুক্তোর মতো
বহুযত্নে রেখে দেওয়া আছে।

সেই বাক্সের ডালা খুললেই সামনে এসে দাঁড়ান
বাবা - মা, আর সেইসব মানুষগুলো
যারা আমায় হাত ধরে হাঁটা শিখিয়েছেন।

বার্ধক্যের বাগানে যে অজস্র ভালোবাসা পাওয়া না পাওয়ার, 
সার্থকতা আর ব্যর্থতার, হাসিকান্নার, সুখদুঃখের রঙিন ফুলেরা ফুটে থাকে
ওপারের হাওয়ার দোলায় দোলায় সে ফুলেরা
তাদের বৃন্ত খসায়। বুকের জমানো বীজ বুনে দেয়
মাটির বুকে।
হলকর্ষণের ডাক পায় সে বীজ অন্য এক প্রভাতী আলোয়।


এ জাতীয় আরো খবর