আসি বলে গেল সে আর ফিরলো না,
বাতাসে ভাসছে তার পোড়া শরীরের গন্ধ।
আর্তচিৎকার, হৃদয় বিদারক কান্না
খবরের শিরোনাম, জনতার আহাজারি
সব একদিন নীরব হয়ে যাবে সত্য।
কিন্তু মা-বাবার শূন্য হৃদয় কে জুড়াবে !
একদিন এসব হয়তো ইতিহাস হয়ে যাবে,
মাইলস্টোনে মাইলফলক হয়ে রবে।
কিন্তু স্বপ্নগুলো আর কখনো ডানা মেলবে না,
কত মেধা ঝরে গেল এক পলকে।
মা-বাবাও চিনতে পারলো না প্রিয় সন্তানকে
পোড়া কঙ্কাল কী পরিচয় বহন করবে !
আর কত, কত শিশু হারাবে বেঁচে থাকার অধিকার
কত মা হারাবে নাড়ীছেঁড়া ধনকে।
আর কত রক্ত ঝরবে বাংলার বুকে,
ভবিষ্যতের নিশ্চয়তা দিবে কে ?