সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৯ ১২:৪০:৫০
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন দলের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে।”
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
পোস্টে মাহফুজ আলম একটি ঘটনার উল্লেখ করে লিখেছেন, এক ব্যক্তি বিটিভির একটি টেন্ডারের কাজের বিনিময়ে পার্সেন্টেজ ও বিদেশে প্রোগ্রামের সহযোগিতা প্রস্তাব করেছিলেন। তবে তিনি সেটি সরাসরি প্রত্যাখ্যান করেন।
তার ভাষায়, “রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। তাই আমি কাজটি বন্ধ করে দিই।” পরে ওই ব্যক্তি কথোপকথন রেকর্ড করে একজন সাংবাদিকের কাছে পাঠালেও, সাংবাদিক বিষয়টি প্রকাশ করেননি।
মাহফুজ আলম জানান, গত ১২ মাসে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বলেন, “রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। ইজ্জত ও রাষ্ট্রের বিশ্বাস হাজার কোটি টাকার চেয়ে মূল্যবান।”
ফেসবুক পোস্টে তিনি ইঙ্গিত দেন, কয়েকটি দলের প্রভাবশালী মহল তার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। তার ভাষায়, “জুলাই কিছু লোকের কাছে রাজনৈতিক সুবিধা নেওয়ার সিঁড়ি। কয়েকটি দলের মহারথীরাই আমার ও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
শেষে তিনি সবাইকে গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কীওয়ার্ডস: মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, রাজনৈতিক ষড়যন্ত্র, বিটিভি টেন্ডার, ফেসবুক পোস্ট


এ জাতীয় আরো খবর