বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তার একযোগে বদলি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৮ ০০:৩২:৫৩

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) দেশের বিভিন্ন পর্যায়ের ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ে অবমুক্ত না হলে ৪ আগস্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। বদলির তালিকায় বেশিরভাগ কর্মকর্তা উপজেলা বা থানা পর্যায়ের।
একই প্রজ্ঞাপনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদলের বিষয়ও জানানো হয়েছে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা’র সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে, এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, যিনি নতুন করে এনটিআরসিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এই রদবদলগুলোকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনিক পুনর্বিন্যাস ও দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের নতুনভাবে নিয়োগের মাধ্যমে কার্যক্রম জোরদার করবে ইসি।
এদিকে পর্যবেক্ষক মহল মনে করছে, মাঠপর্যায়ে নতুন কর্মকর্তাদের নিয়োগ নির্বাচন পরিচালনায় গতিশীলতা ও স্বচ্ছতা আনতে সহায়ক হবে।

 


এ জাতীয় আরো খবর