আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রাত অপেক্ষা করছে ২৮ জুলাই, সোমবার। সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর পশ্চিম আকাশে দেখা যাবে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা-চাঁদ ও মঙ্গল গ্রহের অসাধারণ সংযোগ। একই সঙ্গে রাতজুড়ে আকাশ আলোকিত করবে একাধিক উল্কাবৃষ্টি, যা গ্রীষ্মের অন্যতম চমকপ্রদ দৃশ্য হয়ে উঠবে।
এই রাতে প্রায় ১৯ শতাংশ আলোকিত বাঁকা চাঁদ মঙ্গলের একেবারে পাশে দেখা যাবে, মাত্র ১ ডিগ্রি ব্যবধানে। পৃথিবীর যেকোনো স্থান থেকে খোলা আকাশে তাকালেই এই দৃশ্য উপভোগ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন-খোলা মাঠ বা পার্ক থেকে দেখা সবচেয়ে ভালো ফল দেবে।
মঙ্গল গ্রহ যদিও বছরের সবচেয়ে উজ্জ্বল সময় পেরিয়েছে, তবুও এটি আকাশে একটি লালচে বিন্দুর মতো জ্বলজ্বল করবে। একই সঙ্গে চাঁদের অন্ধকার পাশ পৃথিবী থেকে প্রতিফলিত সূর্যালোকে আলোকিত হয়ে ‘আর্থশাইন’ তৈরি করবে, যা রাতের আকাশে এক রহস্যময় আবহ সৃষ্টি করবে।
২৮ জুলাই ভোরে পিক করবে পিসিস অস্ট্রিনিড উল্কাবৃষ্টি, যেখানে প্রতি ঘণ্টায় পাঁচটি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। এরপর ২৯ ও ৩০ জুলাই রাতজুড়ে আকাশে দেখা দেবে ডেলটা অ্যাকুয়ারিড (প্রতি ঘণ্টায় প্রায় ২০টি উল্কা) এবং আলফা ক্যাপরিকর্নিড (প্রতি ঘণ্টায় পাঁচটি উল্কা) উল্কাবৃষ্টি।
সবচেয়ে বড় আকর্ষণ পার্সিয়েডস উল্কাবৃষ্টি, যা জুলাইয়ের শেষ রাতগুলো থেকেই দৃশ্যমান হতে শুরু করবে। যদিও এর পিক টাইম ১২–১৩ আগস্ট, তবে তখন উজ্জ্বল পূর্ণিমার আলো অনেক উল্কাকে আড়াল করবে। তাই জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৮–৩০ জুলাই রাতই উল্কাবৃষ্টি উপভোগের সেরা সময়।
চাঁদ ও মঙ্গল সূর্যাস্তের পর আকাশে থাকবে মাত্র দুই ঘণ্টা, তারপর দিগন্তের নিচে ডুবে যাবে। এর ফলে রাতভর চাঁদের আলো ছাড়া অন্ধকার আকাশে উল্কাবৃষ্টির দৃশ্য হবে আরও স্পষ্ট।
বিশেষজ্ঞরা বলছেন, এমন আকাশের আয়োজন বিরল। তাই ২৮ জুলাই সন্ধ্যার পর চোখ রাখুন পশ্চিম আকাশে এবং প্রস্তুত থাকুন এক অলৌকিক রাতের জন্য।
কী ওয়ার্ডসঃ চাঁদমঙ্গলসংযোগ উল্কাবৃষ্টি২০২৫ SkywatchBangladesh জ্যোতির্বিজ্ঞান AstronomyEvents