শনিবার, জুন ২৭, ২০২৬

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘জগাখিচুড়ি’ বললেন মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৬ ১৫:০৭:৫০
ছবি সংগৃহিত

বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘জগাখিচুড়ি’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জিয়া পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,“বাংলাদেশে এখন জগাখিচুড়ি চলছে। কিছু কিছু লোক, কিছু রাজনৈতিক দল এমন বিষয় নিয়ে কথা বলছে, যার সঙ্গে দেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তারা বলছে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। কিন্তু সাধারণ মানুষ তো বুঝেই না, এটা কী! আমাদের দেশের ভোটাররা জানে, প্রার্থী থাকবে, সে ভোট দেবে। পিআর পদ্ধতিতে এলাকার নেতৃত্ব ঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না।”
তিনি আরও বলেন, “এই পদ্ধতিতে দেশের মানুষ যে স্থানীয় নেতৃত্ব চায়, তা পাওয়া সম্ভব নয়। তাই আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা ভাবি না। বিএনপি নির্বাচনের পক্ষে, কারণ নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। আর প্রতিনিধি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।”
আলোচনায় বিএনপির মহাসচিব উল্লেখ করেন, খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার সংস্কার কর্মসূচি হুট করে বাস্তবায়ন সম্ভব নয়।“সংস্কার প্রক্রিয়াটি ধারাবাহিক। কাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে দুর্নীতি না হয়। রাতারাতি পরিবর্তন আশা করা অবাস্তব।”
তিনি আমলাতন্ত্রকে দেশের উন্নয়নের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেন, “নেতিবাচক আমলাতন্ত্রকে ইতিবাচক করতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা করতে হবে।”
মির্জা ফখরুল বলেন, “গোটা জাতি এখন ক্রান্তিকালে। আমরা ট্র্যানজিশনাল পিরিয়ডে আছি। গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, যিনি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন। সঞ্চালনা করেন অধ্যাপক আবুল কালাম আজাদ।
এছাড়া অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক মজিবুর রহমান হাওলাদার, আবদুল্লাহ হিল মাসুদ, খন্দকার শফিকুল হাসান, আলী নূর রহমান, এম জাহীর আলী, মনোয়ার হোসেন এনাম, রুহুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

কী ওয়ার্ডসঃ মির্জাফখরুল পিআরনির্বাচন BNPPolitics ProportionalRepresentationBangladesh জাতীয়প্রেসক্লাব


এ জাতীয় আরো খবর