বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

দ্রুত নির্বাচনই সংকট নিরসনের পথ: মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৩ ১৬:১৫:০১
ছবি সংগৃহিত

চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন এবং একটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা-এমনটাই মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
“দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করেই সংকটের সমাধান করতে হবে। একটি রাজনৈতিক সরকারের মাধ্যমেই মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব,” -বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “গতরাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলাম। সরকার সংকটে পড়লেই আমাদের ডাকে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছি, তাই আলোচনা থেকে সরে আসিনি।”
তিনি মনে করেন, নিয়মিত রাজনৈতিক সংলাপ হলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যেত। “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাটি সময়োপযোগী ছিল,”-উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, “রাজনীতি মানেই ভিন্নমত থাকবে,মতবিরোধ থাকবে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে থাকবে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শতফুল ফুটতে দিতে হবে, তবেই গন্ধ পাওয়া যাবে।”
তিনি বলেন, “আলোচনার মধ্য দিয়েই গণতন্ত্র শাণিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে কথাবার্তা চলা দরকার। গণতন্ত্র মানেই হচ্ছে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া, সবাইকে শোনা।”
জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই সময়েই আমরা বড় পরিবর্তন এনেছিলাম। ফ্যাসিস্ট শক্তিকে থামানো গিয়েছিল। কিন্তু এখন আবার সেই অপশক্তি মাথাচাড়া দিচ্ছে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচনের কথা বলা হয়েছিল, তা নির্দিষ্ট করে ঘোষণা দিতে হবে।”
তিনি আশ্বাস দেন, “আমরা সরকারকে সহযোগিতা করতেই প্রস্তুত। তবে সময়ক্ষেপণ হলে সংকট আরও জটিল হবে।”

কী-ওয়ার্ডস:মির্জাফখরুল,দ্রুতনির্বাচনচাই,BNP_Statement2025,BangladeshPolitics,গণতন্ত্র_ও_আলোচনা


এ জাতীয় আরো খবর