বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আজ জননন্দিত গণসঙ্গীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর-এর ৪র্থ প্রয়াণদিবস

  • সমর বড়ুয়া
  • ২০২৫-০৭-২৩ ১২:৪২:২৪
ফাইল ছবি

২৩ জুলাই ২০২১ জননন্দিত গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর মৃত্যুবরণ করেন। এ বছর চতুর্থ প্রয়াণবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৩ জুলাই ২০২৫ বুধবার সকাল ১০:০০ টায় খিলগাঁও তালতলাস্থ কবর স্থানে তাঁর কবরে কোরআন তেলওয়াত ও আত্মার শান্তির জন্য দোয়া করা হবে। এছাড়া তাঁর পরিবার, ঋষিজ শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। দুপুরে খিলগাঁওস্থ বাসভবনে গরীব-দুখিদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। বিকেলে খিলগাঁওস্থ মাটির মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কালামৃধা গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারী ভাষা-আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহন করেন। পিতা মৌঃ হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। শিল্পী কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম.এ. ডিগ্রি অর্জন করেন।
গণসঙ্গীতে নিবেদিত এ শিল্পী ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং '৬৯-এর গণ অভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শিল্প একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বেতার ও টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশনার পাশাপাশি প্রচলিত ও প্রথাসিদ্ধ গানের বন্ধ্যা ভূমিতে দেশজ ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে বাংলা গানে নতুন মাত্র সংযোজন করেন। সঙ্গীত ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সান্নিধ্য তাঁকে করে তোলে আরো প্রতিশ্রুতিশীল, গণমুখী ও জনপ্রিয়। একজন সাংস্কৃতিক দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশের সংস্কৃতিকে সফলতার সঙ্গে তুলে ধরেন।
সঙ্গীতশিল্পী ফকির আলমগীর একজন সফল কলামিস্ট ও লেখক। তার প্রকাশিত গ্রন্থ: 'চেনা চীন', 'মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান', 'গণসঙ্গীতের অতীত ও বর্তমান', 'গণসঙ্গীত ও মুক্তিযুদ্ধ', 'সুরমা নদীর গাঙচিল', 'মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুরা', 'স্মৃতিকাব্যে প্রিয় মুখ', 'ইউরোপের পথে পথে', 'আবহমান বাংলার লোকসঙ্গীত', 'স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ' ও 'পপগানের সেকাল একাল, এহেরাম থেকে আরাফাত'সহ অসংখ্য গ্রন্থ সুধীমহলে সমাদৃত হয়েছে।
চিরসবুজ এই কণ্ঠশিল্পী সঙ্গীতের ক্ষেত্রে বিশেস অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন 'রাষ্ট্রীয় একুশে পদক', 'শেরে বাংলা পদক', 'ভাসানী পদক', 'সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার', 'তর্কবাগিশ স্বর্ণপদক', 'জসীম উদ্দীন স্বর্ণপদক', 'কান্তকবি পদক', 'গণনাট্য পুরস্কার', 'পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা', 'ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার', 'ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র', 'জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা', 'চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা' ও 'বাংলা একাডেমি সম্মান সূচক ফেলোশিপ'।
ফকির আলমগীর ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছাড়াও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, জনসংযোগ সমিতির সদস্য, বাংলা একাডেমির আজীবন সদস্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিষদের সদস্য, পল্লীমা সংসদের আজীবন সদস্য এবং অফিসার্স ক্লাবের সম্মানিত সদস্য। শিল্পী পেশায় বিসিআইসি'র জনসংযোগ বিভাগের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন।
স্ত্রীয় সুরাইয়া আলমগীর, তিন পুত্র সন্তান রানা, রাজীব ও রাহুল। বর্তমানে তার নিত পৌত্র ফারদিন, ফারহান, উজান ও ফারিন, উজমা নামে দুই পৌত্রী রয়েছে।
২০১৯ সালে তিনি পবিত্র হজ্জব্রত পালন করেন।
 

 


এ জাতীয় আরো খবর