উত্তরা মাইলস্টোন কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজে প্রাণ হারান বাংলা বিভাগের শিক্ষিকা মেহেরীন চৌধুরী। সেই সাহসিনী আজ চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের মাটিতে-বাবা-মায়ের কবরের পাশে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। স্থানীয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা, যেখানে সহস্রাধিক মানুষ কান্নাভেজা চোখে অংশ নেয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর ও বাংলা বিভাগের শিক্ষক মেহেরীন ছিলেন শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের জন্য ছিলেন অভিভাবকতুল্য। সোমবার (২১ জুলাই) দুপুরে ভয়াবহ বিমান বিধ্বস্ত ও অগ্নিকাণ্ডের সময় তিনি ছিলেন চতুর্থ তলায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত শিক্ষার্থীদের শান্ত করে একে একে বের করে আনেন। জীবন বাঁচাতে দ্বিতীয়বার ভাবেননি। শেষ পর্যন্ত, তিনি নিজে বের হতে পারেননি।
৮০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাত ১০টার দিকে তাঁর জীবনাবসান ঘটে।
দুপুরের পর একটি অ্যাম্বুলেন্স যখন মেহেরীন চৌধুরীর নিথর দেহ নিয়ে পৌঁছায় বগুলাগাড়ী গ্রামে, তখন গোটা এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে। শোকাচ্ছন্ন স্বজন, প্রতিবেশী আর শিক্ষার্থীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের আকাশ।
তার স্বামী মনসুর হেলাল বলেন, “মেহেরীন শুধু নিজের পেশা নয়, নিজের গ্রামের প্রতি দায়বদ্ধতা অনুভব করতেন। তিনি স্বপ্ন দেখতেন-গ্রামের স্কুলটিকে মাইলস্টোনের মতো আধুনিক করতে। এজন্য তিনি বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।”
তিনি আরও বলেন, “তাঁর মৃত্যুতে আমরা ভেঙে পড়েছি, কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করব। তিনি যেমন শিক্ষার আলো ছড়াতে চেয়েছিলেন, সেই আলো আমরা নেভাতে দেব না।”
মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ কেবল তার পরিবার নয়, গোটা জাতির জন্য এক গভীর অনুপ্রেরণা। একজন শিক্ষিকা কতটা সাহসী, কতটা নিবেদিতপ্রাণ হতে পারেন, সেটিই দেখিয়ে গেলেন তিনি।
যখন আতঙ্কে অনেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সন্তানসম শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনলেন।
কিন্তু নিজে? আগুনের মুখে আর ফিরলেন না।
সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এর আগুন ছড়িয়ে পড়ে পাশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে। এই ঘটনায় মেহেরীন চৌধুরী ছাড়াও আরও কয়েকজন দগ্ধ হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
দ্রুত সাড়া দিয়ে উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তবে অগ্নিদগ্ধ হয়ে মেহেরীন চৌধুরীকে হাসপাতালে নেওয়ার পর বাঁচানো যায়নি।
কিওয়ার্ডসঃমেহেরীনচৌধুরী,UttaraTragedy,TeacherHero,মাইলস্টোনকলেজ, UttaraFireAccident