শনিবার, মে ৩০, ২০২৬

লস অ্যাঞ্জেলেসে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ২৮ জন আহত, একজনের শরীরে গুলির চিহ্ন

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২০ ০০:৫৩:৪৭
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের ব্যস্ত সান্তা মনিকা বুলেভার্ডে মধ্যরাতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে নর্থ ভারমন্ট এভিনিউতে একটি জনপ্রিয় নৈশক্লাবের সামনে জনাকীর্ণ ফুটপাথে একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন গুরুতর জখম হয়েছেন বলে নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD)।
ব্যস্ত শহর লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ড সাধারণত রাতে প্রাণবন্ত থাকে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নৈশক্লাব, রেস্টুরেন্ট এবং বিভিন্ন বিনোদনকেন্দ্র ঘিরে জমায়েত হন। ঠিক এমন এক সময়ে ঘটে গেল এই আকস্মিক হামলা।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ধূসর রঙের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাবের সামনে অপেক্ষমান ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
LAFD-এর ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন জানান, আহতদের মধ্যে একজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং আশপাশের লোকজন গুলির শব্দও শুনেছেন।
“গুলিবিদ্ধ ব্যক্তি সেই গাড়ির চালক হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি,” - জানান ক্যাপ্টেন।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে-গাড়িটি ফুটপাথে থেমে আছে, আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও অ্যাম্বুলেন্স।
LAFD জানায়, আহতদের তাৎক্ষণিকভাবে আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। অধিকাংশ আহত নারী ছিলেন, যাঁরা ক্লাবের বাইরে অপেক্ষা করছিলেন।
অ্যাডাম ভ্যানগার্পেন আরও বলেন- “ঘটনাস্থলের পরিস্থিতি ছিল বিশৃঙ্খল। ভিড়ের মাঝেই অনেকেই আহতদের সাহায্যে এগিয়ে এসেছেন।”
এই ঘটনার পেছনে উদ্দেশ্য-সন্ত্রাস, দুর্ঘটনা, না কি নেশাগ্রস্ত চালকের কাণ্ড-তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বলছে, “এই ঘটনার পূর্ণ তদন্ত চলমান রয়েছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি বিশ্লেষণ করা হচ্ছে।”
এখনো কেউ গ্রেফতার হয়নি এবং তদন্তকারীরা গাড়িচালককে শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর থেকেই স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের বিনোদনপ্রিয় নগরীতে এমন হঠাৎ হুমকি জনমনে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাতে ক্লাব বা বার থেকে বের হওয়ার সময় এমন ঘটনা ভীতিকর এবং ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত।

লস অ্যাঞ্জেলেস দুর্ঘটনা, সান্তা মনিকা গাড়ি হামলা, আমেরিকায় নৈশক্লাব দুর্ঘটনা, LA pedestrian crash 2025, Santa Monica nightlife accident


এ জাতীয় আরো খবর